চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে প্রতিবেশীর ঘর থেকে হালিমা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই গ্রামের আব্দুল আওয়ালের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যার সন্দেহের কথা জানিয়েছে পুলিশ।
নিহত হালিমা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসিরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে হালিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রতিবেশী আব্দুল আওয়ালের ঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রতিবেশী আব্দুল আওয়ালের সঙ্গে শিশুটির বাবা নাসিরের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
পূর্বকোণ/পারভেজ

















