কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সকালের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত চার যাত্রী।
শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী সংলগ্ন হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজিচালক এনায়েত উল্লাহ (২৭)। তিনি রামু উপজেলার চেইন্দা খন্দকার পাড়া এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। অন্যজন হলেন চাঁপাইনবাবগঞ্জের সজীব (৩৫)।
আহতরা হলেন উখিয়ার ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার (৩৪), রুজিনা আক্তার (২৫) ও মনোয়ারা বেগম (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। সিএনজিচালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সজীবের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/মিফতা/রানা/পারভেজ

















