চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) হত্যার অভিযোগে স্বামী শিমুল শীলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। শুক্রবার (৯ অক্টোবর) রাতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন, শিমুলের ভাই পীযুষ শীল প্রকাশ প্রিতম (২৩), নজরুল ইসলাম (৩৮) ও মো. ইলিয়াস (৩৫)।
এসআরবি জানিয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি চন্দনা শীলের বলে শনাক্ত করেন।
চন্দনা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুর এলাকার তেজেন্দ্র দাশের মেয়ে। স্বামীর যৌতুকের টাকার চাপ সহ্য করতে না পেরে চন্দনা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন। মৃত্যুর আগের গত বৃহস্পতিবারও নির্যাতনের শিকার হয়ে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে আশ্বস্ত করে স্বামীর বাড়িতে পাঠান। টেরিয়াইল বাজার এলাকায় চন্দনার সঙ্গে তার স্বামী ও অন্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে টেরিয়াইল স্কুলের পেছনে নিয়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চন্দনার বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা করেন।
এসআরবি -৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার দিলীপ শীলের ছেলে শিমুল শীলের সঙ্গে চন্দনার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চন্দনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চার লাখ টাকা দাবি করেছিলেন। এ নিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। শুক্রবার চন্দনাকে হত্যা করা হয়। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দশটার দিকে বড় দারোগারহাট এলাকায় কুমিরা হাইওয়ে থানার সামনে থেকে শিমুল শীলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে টেরিয়াইল বাজারের লাকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে পীযুষ শীল প্রকাশ প্রিতমকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই বারৈয়াঢালা এলাকার মান্দারীটোলা থেকে নজরুল ইসলাম এবং রাতেই সীতাকুণ্ডের ফকিরহাট এলাকা থেকে মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















