কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে আশা নামে একটি এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বের হওয়ার সময় শাখেরা বেগম নামে এক নারীর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় হারবাং বাসস্টেশন এলাকার আব্দুস সালাম মার্কেটের দ্বিতীয় তলায় আশা এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ অক্টোবর রাতে হারবাং পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনা জানাজানি হয়। শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা এন্ট্রি হয়নি।
শাখেরা বেগম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নোনাছড়ি এলাকার বাসিন্দা। তার অভিযোগ, পারিবারিক দেনাপাওনা পরিশোধের জন্য তিনি আশা এনজিওর হারবাং শাখা থেকে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের শর্তে ৭৫ হাজার টাকা ঋণ নেন। টাকা নিয়ে এনজিও কার্যালয় থেকে বের হওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। পরে কার্যালয়ের সামনে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
অভিযোগে শাখেরা বেগম বলেন, ঘটনার সময় আকস্মিকভাবে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ায় তিনি ছিনতাইকারীদের পরিচয় বা বিস্তারিত তথ্য শনাক্ত করতে পারেননি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
শাখেরা বেগমের ছেলে সোহেল রানা বলেন, আমাদের অনেক দেনাপাওনা ছিল। সেই টাকা পরিশোধ করার জন্য আশা নামের একটি এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। আমার মা টাকা নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুই ব্যক্তি তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর


















