কক্সবাজার শহরে অভিযান চালিয়ে অন্যের নাম-পদবি ব্যবহার করে প্রতারণা, অতিরিক্ত দামে মাংস বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার।
শনিবার (১০ অক্টোবর) বাহারছড়া বাজার, হাসপাতাল রোড ও বাজারঘাটা এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তার সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে হাসপাতাল রোডের ‘আর ডেন্টাল’ নামের প্রতিষ্ঠানকে অন্যের নাম, পদবি ও প্যাড ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাহারছড়া বাজারের মমতাজ মাংস বিতানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং বাজারঘাটার সিজল মিষ্টির দোকানকে ওজনে কারচুপির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















