কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহত সিএনজির চালক এনায়েত উল্লাহ (২৭) রামু উপজেলার চেইন্দা খন্দকার পাড়া কেফায়েত উল্লাহর ছেলে। আহতরা হলেন-হ্নীলা মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক হেলাল উদ্দিন (৩০)। বাকি আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী সংলগ্ন হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, শনিবার সকালের দিকে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক এনায়েত উল্লাহ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব বলেন, কেরুনতলী এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিএনজি চালক নিহত হয়। পাশাপাশি সিএনজির আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পিকআপের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর


















