চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ব কেমিক্যাল কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর) ভোরে উপজেলার বাড়বকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার চুরি করতে দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত বন্ধ থাকা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ভেতর থেকে দীর্ঘদিন ধরে মূল্যবান মালামাল চুরির ঘটনা অব্যাহত ছিলো। কর্তৃপক্ষ এসব বিষয়ে মাঝে মধ্যে অভিযোগ দিলেও চুরি বন্ধ হয়নি। শনিবার একইভাবে কারখানার ভেতরে ঢুকে বৈদ্যুতিক ক্যাবল চুরি করছিলো স্থানীয় চোর সাইমুন ও তার সঙ্গীরা। এক পর্যায়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হলে তারে জড়িয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের এমডি নিতাই চন্দ্র রায় বলেন, এই চক্রে আরো কারা জড়িত তা বের করতে চোরের মোবাইল কল লিস্ট তদন্তের অনুরোধ জানিয়ে তিনি বলেন এর আগেও কারখানায় এভাবে চুরির ঘটনা ঘটেছে, আমরা তখনো থানায় অভিযোগ করেছি।
পূর্বকোণ/নুসরাত


















