চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রবাসে ফেরার ৫ দিন আগেই বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

প্রবাসে ফেরার ৫ দিন আগেই বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রাউজান সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

মাত্র পাঁচটা দিন। হাতে বিমানের টিকিট, গুছিয়ে রাখা সুটকেস আর নতুন সংসারের রঙিন স্বপ্ন সব প্রস্তুত ছিল কর্মস্থলে ফেরার জন্য। কিন্তু রাঙ্গামাটি সড়কের এক অভিশপ্ত বাঁক কেড়ে নিল সব। বিয়ের মাত্র দুই মাসের মাথায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় চিরবিদায় নিলেন প্রবাসী খোরশেদ আলম (২৫)।
 
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের বেরুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার নববিবাহিত স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
 
নিহত খোরশেদ আলম রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা গ্রামের আবুল খায়েরের ছেলে। স্বজনরা জানান, আগামী ১৪ অক্টোবর প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল তার এবং সেই অনুযায়ী তিনি যাবতীয় প্রস্তুতিও শেষ করেছিলেন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে এক চাচাতো বোনের বিয়েতে যোগ দিতে যান খোরশেদ। অনুষ্ঠান শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গহিরা চৌমুহনী সংলগ্ন নবীন সেন স্কুলের বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে খোরশেদ ও তার স্ত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। তার আহত স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 
হাইওয়ে থানার উপপরিদর্শক শাহজাহান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট