‘জ্ঞানে-যুক্তিতে স্বপ্নে-সাহসে আগামী’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬’-এর প্রিলিমিনারি রাউন্ডে জমে উঠেছিল তীব্র যুক্তির লড়াই। দিনভর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে ফাইনালে উত্তীর্ণ হয়েছে আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ এবং দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। দিনভর প্রিলিমিনারি পর্বের প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, প্রি-সেমিফাইনাল ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিচারকার্য পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন অভিজ্ঞ বিচারক।
প্রতিযোগিতা শেষে বিকেলে আনুষ্ঠানিক পর্বে সমাপনী ও ধন্যবাদ বক্তব্য প্রদান করেন কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬ এর আহবায়ক এবং কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, পরমতসহিষ্ণুতা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। আজকের এই পর্বে বিতার্কিকদের চমৎকার পারফরম্যান্স দেখে আমি অত্যন্ত আশাবাদী। এই ধারার মধ্য দিয়েই কর্ণফুলীর তরুণরা চট্টগ্রামের মূলধারার বিতর্কে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘কর্ণফুলী বিতর্ক উৎসব’ সমন্বয়কারী ও বিতার্কিক আকরাম হোসেন রানা।
টুর্নামেন্টের বিতর্ক ট্যাব পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের প্রাক্তন সভাপতি আনিসুর রহমান।
প্রতিযোগিতায় ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ‘ইয়ুথ পিপল অব বাংলাদেশ’-এর সদস্যবৃন্দ এবং এজে চৌধুরী ডিগ্রি কলেজের রোভার স্কাউট ও গার্ল গাইডের সদস্যরা।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৫ অক্টোবর দিনব্যাপী ১৮০ জন শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে বিতর্ক কর্মশালার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আয়োজকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















