চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন যুবদল।
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন যুবদল।
শুক্রবার (৯অক্টোবর) বিকেলে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরৈকোড়া ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুকের সভাপতিত্বে ও মামুনুর ইসলাম শহিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো. সোহেল।
সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা মো. সাদ্দাম, মো. হাসান, মো. এনাম, মো. মাহাবুবুর রহমান কালু, মো. আজিম, উত্তম তালুকদার, আবছার, জাকারিয়া জকু ও মো. রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের আহ্বান জানান বক্তারা।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















