চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় বাবার জন্য সিগারেট আনতে গিয়ে লেগুনার ধাক্কায় প্রাণ হারাল তাসপিয়া

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

৯ অক্টোবর, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

বাবার জন্য সিগারেট আনতে দোকানে যাচ্ছিল সাত বছরের শিশু তাসপিয়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায় প্রাণ হারায় সে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পটিয়া উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া দিনমজুর আবু হানিফের মেয়ে। তবে তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয়রা জানান, বাবার জন্য সিগারেট আনতে তাসপিয়াকে দোকানে পাঠানো হয়। রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার পথে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু বলেন, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল।

এদিকে, দুর্ঘটনার পর পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থলে থাকা পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারেকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট