চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বদরখালীতে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

কক্সবাজারের বদরখালী

পুলিশের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

চকরিয়া সংবাদদাতা 

৮ অক্টোবর, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে কোস্ট গার্ডের অভিযানে তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বদরখালী বাজারের পুরাতন স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ও ৭ অক্টোবর চকরিয়া উপজেলা পরিষদ চত্বরসহ চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন স্টেশন এলাকায় বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল ছাড়াও সড়ক অবরোধের ঘটনা ঘটে। 

বিক্ষোভকারীদের অভিযোগ- গত ৫ অক্টোবর রাত সাড়ে ১১টায় বদরখালী বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের মহেশখালী ও মাতারবাড়ি ইউনিটের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে দিনমজুর, ভ্যানচালক ও বদরখালী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী রয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিরপরাধ এবং তাদের অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপরাধ ব্যক্তিদের মুক্তি এবং অভিযানে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে চকরিয়া-মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ সড়ক (কেবি জালাল উদ্দীন সড়ক) প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, রোগী, বয়স্ক ও পথচারীরা।

খবর পেয়ে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় সার্কেল কর্মকর্তা মো. আবদুল আজিজ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ তাদের সঙ্গে কাজ করছে। কোনো ধরনের গাফিলতি, অবহেলা বা অসহযোগিতা করা হয়েছে কি না – এমন প্রশ্ন করলে উপস্থিত সাধারণ মানুষ ‘না’ বলে জানান।

তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, তদন্তে নিরপরাধ কোনো ব্যক্তি যেন শাস্তির মুখোমুখি না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেন। এতে কয়েক ঘণ্টা পর  যানজট কমতে শুরু করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রেপ্তার তিনজনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি ও কোস্ট গার্ড এর সাথে কন্ট্রাক্ট করা ভূমিদস্যু কালু ও তাদের গডফাদারকে  গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অস্ত্রগুলো কারা সরবরাহ করেছে সেটা বের করার দাবি জানান। 

মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, “বদরখালীতে প্রতিবাদের অগ্নি শিখা প্রজ্বলন। একজন ভূমিদুস্য ও অবৈধ দখলদ্বারকে প্রতিষ্ঠিত করবার জন্য কোষ্ট গার্ডের সাজানো নাটক বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ও কলেজ পডুয়া ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো কোষ্ঠ গার্ডের বেআইনি কার্যক্রম। কোষ্ট গার্ডের ঐ বিতর্কিত অফিসার ও বালু খেকো কে গ্রেপ্তারপূর্বক রিমান্ডে নিলে এ অবৈধ অস্ত্রের রহস্য উদঘাটন হবে। নিরীহ ও নির্দোষ মানুষকে হয়রানি কোন অবস্থায় আমি এবং আমার দল বিএনপি মেনে নিব না। কোষ্ঠ গার্ড কার ইন্দনে ও যোগসাজশে এ ধরনের আচরণ করলো তা সকলের নিকট স্পষ্ট। অবিলম্বে কোষ্ঠ গার্ডের দায়ের করা মামলা প্রত্যাহার ও আটক নিরীহ মানুষদের মুক্তি চাই।”

বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, সাতডালিয়া লটারি ঘোনা পরিচালনা কমিটির সভাপতি নাজেম উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন মাছুম, ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সাবেক ছাত্রদল নেতা বুলবুল সিকদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ার শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট