আনোয়ারায় ওলাবিবির দিঘি ও চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং বৈধ ক্রয় রসিদ না রাখার দায়ে তাদের জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানে কালাবিবির দিঘি এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুই পরিবেশক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো বিনিময় ট্রেডার্স ও সাদিম ট্রেডার্স।
এ ছাড়া চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডারের বৈধ ক্রয় রসিদ না রাখা এবং বেশি দামে বিক্রির দায়ে আরও দুই খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো জহির স্টোর ও ইব্রাহিম স্টোর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পূর্বকোণ/রানা/এএইচ


















