কক্সবাজার শহরের সুগন্ধা ও সরকারি কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খাদ্য প্রস্তুত ও বিক্রিতে নানা অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, দুপুরে সুগন্ধার ‘গ্র্যান্ড মেজবানি হোটেল’ অভিযানটি চালানো হয়। সেখানে রান্নাঘরে খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে রাখা এবং থালাবাসন পরিষ্কারে ক্ষতিকর ডিটারজেন্ট ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর শহরের সরকারি কলেজ গেট এলাকার ‘মেসার্স রহমান ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার’ নামের একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ রঙ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পূর্বকোণ/রানা/এএইচ


















