চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো একটি শিশুর অর্ধগলিত মরদেহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা সাগর উপকূল থেকে নৌপুলিশ লাশটি উদ্ধার করে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ড সংলগ্ন সাগর উপকূলে একটি শিশুর লাশ ভেসে আসে। খবর পেয়ে বিকেলে গাউছিয়া কমিটির সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কুমিরা নৌপুলিশের পরিদর্শক মো. ছমিউদ্দিন বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে সাগর উপকুল থেকে একটি অর্ধগলিত ছেলে শিশুর লাশ উদ্ধার করি। শিশুটির বয়স আনুমানিক তিন বছর। ধারণা করা হচ্ছে মৃতদেহটি প্রায় ৭/৮ দিন আগের। মরদেহটি ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর


















