চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন ফেলে পালালো পাচারকারীরা 

সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন ফেলে পালালো পাচারকারীরা 

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।
 
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
 
 
বিসিজি স্টেশন সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) সংলগ্ন বাংলাদেশ জলসীমায় সেন্টমার্টিন কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।
 
 
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট ভেসে আসতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ৩টি বস্তা সাগরে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার জলসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল সাগরে ভেসে থাকা বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। তল্লাশিতে বস্তাগুলো থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
 
সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট