কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির দায়ে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরসহ চুল কেটে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগে শিক্ষক আরিফ উল্লাহ (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকালে পুলিশ খবর পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আরিফ উল্লাহ (২৩) পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাস্টার পাড়ার চকরিয়া তানযীমৃল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক।
তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের জুম্মা পাড়ার শহিদুল্লাহর ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসায় পড়াশোনারত ১০ বছর বয়সী এক শিশুকে টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ মারধর ও নির্যাতন করেন। শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত, গলা চেপে ধরা, কিল-ঘুষি-লাথি মারাসহ মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
ওসি বলেন, ঘটনার বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি আরিফ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















