চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙামাটি সদরের তিন রিসোর্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি সদরের তিন রিসোর্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

আমদানি ও ননুমোদন ব্যতিরেকে অবৈধ উপায়ে কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কাঁচা মাংসের সঙ্গে বাসী খাবার সংরক্ষণসহ একাধিক অভিযোগে রাঙামাটির তিনটি রিসোর্টকে ২ লাখ ২০ হাজার জরিমানা করা হয়েছে।
 
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানে বার্গী লেকভ্যালী রিসোর্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা বাসী খাবার সংরক্ষণ, অননুমোদিত ও আমদানি ব্যতিরেকে অবৈধ উপায়ে কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার, কটেজের রুমভাড়া এবং খাবারের মূল্য তালিকা দৃশ্যমানস্থানে প্রদর্শন না করায় জরিমানা হয়।
 
এছাড়া রিসাং রিসোর্টকে কটেজের রুমভাড়া, খাবারের মূল্য তালিকা দৃশ্যমানস্থানে প্রদর্শন না করা এবং অননুমোদিত ও আমদানি ব্যতিরেকে কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা হয়। 
 
অন্যদিকে, রেং রিসোর্ট ও রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা, রান্না ঘরে রান্নার উপকরণের ওপরে মাকড়সার জাল এবং একাধিক মাকড়সার উপস্থিতি পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তায় ছিল।
 
অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ বলেন, একাধিক অপরাধে তিনটি রিসোর্ট ও রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ,ভোক্তার সঙ্গে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন কিংবা খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট