চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দুই যুবক আটক

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দুই যুবক আটক

কাপ্তাই সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি। 

 

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

আটক তৌহিদুল ইসলাম (২১) রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অপর আটক সাহেদুর ইসলাম নয়ন (২২) রাঙ্গুনিয়ার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যটালিয়েনর (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

 

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন, ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস সিগারেট উদ্ধার করা হয়। এসময় তৌহিদুল ইসলাম ও সাহেদুর ইসলাম নয়ন নামের দুই যুবককে আটক ও ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।’ 

 

‘সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মালামালগুলো রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট