রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকা হাছিনা বেগম সুমীকে (২৮) ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় মো. মাহিবুর কামাল (২৩) ওরফে মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কাপ্তাই থানার হত্যা মামলায় রাঙ্গামাটি জেলা জজ তাকে এ দণ্ড দেওয়া হয়। মহিবুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার কাইকাইল এলাকার মো. মনির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেটে হাছিনা আক্তার ওরফে সুমি নামে এক নারীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। পরে নিহতের চেহারা বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত সুমি রাঙামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং ইমাম উদ্দিন ওরফে দ্বীন ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১৩ মার্চ কাপ্তাই থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















