চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ সুরাইম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইম একই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ১১টার দিকে মাদরাসা গেইটের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস শিশু সুরাইমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হয়। সেসময় ঔ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, “ঘটনার বিষয়ে আমরা আগে খবর পাইনি, আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পূর্বকোণ/নুসরাত/পারভে



















