চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে বেড়াতে গিয়ে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু 

কক্সবাজারে বেড়াতে গিয়ে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ

কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট–সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহত কিশোরী সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। ওই এলাকার একটি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়ত সে। পরিবার ও স্বজনদের সঙ্গে সে কক্সবাজার বেড়াতে এসেছিল।
 
 
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম জানান, স্বজনদের সঙ্গে বেড়াতে এসেছিলেন ওই কিশোরী। অটোরিকশায় করে যাওয়ার সময় কিশোরীর ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
নিহত কিশোরীর পরিবারের এক সদস্য জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। আজ সকালে সবাই একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট