কক্সবাজারের চকরিয়া পৌরসভায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পণ্য বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার মগবাজার এলাকায় আর রহমান নামক এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে বেকারি পণ্য তৈরিতে অনুমোদনহীন রং, হাইড্রোজ ও অ্যামোনিয়া ব্যবহারের পাশাপাশি নষ্ট, ভাঙা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া চিরিংগা বাজারের সাতকানিয়া স্টোরকে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং ফল বিতানকে মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কাঁচাবাজারের শাহ আমানত স্টোর ও আজাদ স্টোরকে রোহিঙ্গা পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একই বাজারের টিপু স্টোরকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত ‘কেওডাজল’ বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















