টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টা করায় নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার হতে এসে নুরুল আজিজ নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং আবেদনপত্রে বাবার নাম মো. রশিদ ও মায়ের নাম নুর জাহান বেগম উল্লেখ করেন। পরিচয় প্রমাণের জন্য তিনি নেত্রকোণার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত নাগরিকত্ব, চারিত্রিক সনদ ও জন্মনিবন্ধন জমা দেন। তবে জমা দেওয়া কাগজপত্রে অসংগতি ও সন্দেহ দেখা দিলে কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায় তাঁর প্রকৃত বাবার নাম মো. হাফেজ। এতে জাল কাগজপত্র তৈরি করে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার বিষয়টি ধরা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ জানান, অন্য একজনকে বাবা বানিয়ে জাল নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ওই যুবক ভোটার হওয়ার আবেদন করেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি উন্মোচিত হয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, তিনি একজন রোহিঙ্গা নাগরিক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে ওই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তিনি রোহিঙ্গা নাগরিক কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















