বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে নিহত দুজন হলেন- মো. জিয়াবুল (৩৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ পালিশ (৩৭)।
আহতরা হলেন- শীষ মো. রাসেল (৩৮) পিং মতিউর রহমান, লিটন সিকদার (৩৭) পিং বশির ড্রাইবার, লিটন ড্রাইভার (৪০) পিং মো. কামাল উদ্দিন, কাদের হোসেন খলিফা কাদির (৪১) পিং অজ্ঞাত, শাহজালাল হোসেন (৩৫) পিং অজ্ঞাত, চকরিয়া, কক্সবাজার। নিহত জিয়াবুল খুটাখালি ৬ নং ওয়ার্ডের মৃত শামসু মিয়ার ছেলে ও মোহাম্মদ জসিম একই এলাকার মোজাহের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে একদল পর্যটক আলীকদম হয়ে তিন্দুর উদ্দেশ্যে রওনা হন। তিন্দু মুখ থেকে বাঘেরমুখ পর্যন্ত ভ্রমণের পরিকল্পনা ছিল তাঁদের। পথমধ্যে তিন্দু মুখ এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী ল্যান্ডক্রুজারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
বিজিবি বলীপাড়া (৩৮ ব্যাটালিয়ন)-এর উপ-পরিচালক মেজর মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে জানা গেছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















