চট্টগ্রাম উপজেলার সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিএম ডিপোর পাশে রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে আনয়নকারী কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার পিপুল চাকমা বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে আহতাবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরকে উদ্ধার করেছি। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতাবস্থায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এক কিশোরকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর

















