কক্সবাজারের পেকুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে ৬ দোকানিকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের আলহাজ কবির আহমেদ চৌধুরী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখা, কাঁচা মাছ বাজারে ওজন পরিমাপের যন্ত্র সঠিক না থাকায় ৬ দোকানিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার বিএসটিআইয়ের পরিদর্শক এস এম রুহুল ইসলাম, ফিল্ড অফিসার নাঈম রহমান।
পূর্বকোণ/প্রান্ত

















