চট্টগ্রামের রাউজানে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মাসুদ রানা বাবু (২৬)। তিনি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার হাজী আহমদ হোসেনের বাড়ির মো. কালু ওরফে জাকারিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতলায় জগন্নাথহাট থেকে ফকিরহাটগামী সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে একটি সিএনজি অটোরিকশা থামানো হয়। এরপর চালক মাসুদ রানা বাবুকে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















