চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টায় ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ইসমাইল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে টাইলস বোঝায় পিকআপটি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ফকিরহাট বাজার অতিক্রম করার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ চালক পালিয়ে গেলেও চালকের আসনের পাশে থাকা টাইলস মিস্ত্রি গাড়ির সামনের অংশের চাপে পড়ে গাড়িতে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, পিকআপ চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। ঘটনার পরপর পিকআপ চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/নুসরাত

















