চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সিইউএফএলে ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে আনসার সদস্যদের মারধরের অভিযোগ

সিইউএফএলে ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে আনসার সদস্যদের মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) সার পরিবহনের ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্য ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালকদের অতর্কিত হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। সংঘর্ষের পর তাদের কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সিকিউরিটি সূত্রে জানা যায়, কারখানার গেট দিয়ে দ্রুতগতিতে একটি ট্রাক প্রবেশের সময় দায়িত্বরত আনসারদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। কারখানাটির আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি জানান, প্রাথমিক বাকবিতণ্ডা তারা মীমাংসা করে দিয়েছিলেন। তবে এর কিছুক্ষণ পরই একদল ট্রাকচালক সংঘবদ্ধ হয়ে পুনরায় গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, “ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে এসে প্রথমে আমাদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং পরবর্তীতে অতর্কিত হামলা চালায়।” আনসার সদস্যদের দাবি, চালকদের সঙ্গে বহিরাগত আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা থাকতে পারে।

উল্লেখ্য, হামলায় জড়িত চালকদের অধিকাংশই সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তারা স্থানীয় বাসিন্দা।

ঘটনা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারখানার ভিতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট