চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবটতল ব্রিজ সংলগ্ন কাপ্তাই সড়কের দক্ষিণ পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারাবটতল ব্রিজের পশ্চিমে কুলকুরমাই খালে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েক মাস ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি কাপ্তাই সড়কে একটি সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে দেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাকবলিত স্থানে অবস্থানকালে কোনো এক সময় তিনি খালের পানিতে পড়ে ডুবে মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















