টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ মোট দুজন আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা হয়।
আহতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)। এ সময় হেলাল গুলিবিদ্ধ হন এবং হারুন গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা জানান, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের দাবি, বিরোধে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী গফুরের ছেলে রাসেল।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যে প্রকাশ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সিকদার পাড়া ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রবিবারের গোলাগুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের কথাকাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















