চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো চোরকারবারিরা 

বান্দরবানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো চোরাকারবারিরা 

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর, ২০২৬ | ৩:৪৭ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
 
রবিবার (৪ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানান।
 
 
 
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি টহলদল অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও পানির সুযোগ নিয়ে মালামাল ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
 
 
পরে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলো তল্লাশি করে সর্বমোট ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
 
 
বিজিবি আরও জানায়, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট