চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি গিয়াস কাদের, অব্যবস্থাপনায় অসন্তোষ

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি গিয়াস কাদের, অব্যবস্থাপনায় অসন্তোষ

রাউজান সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় গিয়াস কাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

হাসপাতালের রান্নাঘর পরিদর্শনের সময় রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও রান্নার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রোগীদের স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের স্পষ্ট নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার প্রতি আরও যত্নশীল হওয়ার তাগিদ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের উপস্থিতির বিষয়ে জানানো হয়, মোট ৮৩ জন কর্মীর মধ্যে ওই সময় ৭০ জন কর্মস্থলে উপস্থিত ছিলেন; চারজন ছুটিতে এবং নয়জন অনুপস্থিত ছিলেন।

এ সময় চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন গিয়াস কাদের। বিশেষ করে রাতের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, “মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। ডাক্তার তো ডাক্তার, রোগী তো রোগী । নারী-পুরুষ সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।” রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

তবে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন।

সরকারি হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চিকিৎসাসেবার মান, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এদিকে স্থানীয় সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরের কামড়ের প্রয়োজনীয় বিনামূল্যের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে ভুক্তভোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা কুকুরের কামড়ের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রির সরবরাহ দ্রুত নিশ্চিত করার দাবি জানান।

পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন দাশ, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. নু-ই-জাহান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. নাজনীন সুলতানা, মেডিকেল অফিসার ডা. চম্পা চৌধুরীসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট