চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যার উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যার উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যার মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
 
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে হাসপাতাল নেই, সেখানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
 
প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আমি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখতে এসেছি।
 
এই হাসপাতালটিকে দ্রুততম সময়ের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। তবে রোগীদের দুর্ভোগ লাঘবে আপাতত জরুরি ভিত্তিতে বেশ কিছু অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। ফলে প্রতিদিনই হাসপাতালে রোগীর ব্যাপক চাপ থাকে। বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। দীর্ঘদিনের বিভিন্ন সংকটের কথাও মন্ত্রীর কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
 
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত এবং খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন তিনি। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট