টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী সালিমা (১৬) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের ৭১৪ নম্বর শেডের ১ নম্বর রুমের বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের নুরুল আলমের মেয়ে।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার জানান, শনিবার ভোরে সালিমা নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে সালিমাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে ক্যাম্পে নিয়ে এসে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















