একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করে স্বাস্থ্যঝুঁকি তৈরি এবং গ্রাহকের সাথে প্রতারণার দায়ে কক্সবাজার শহরে ‘হাজি শাহী কাচ্চি ঘর’সহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের অ্যান্ডারসন রোড ও রুমালিয়ার ছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও কাঁচা-রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি তৈরির দায়ে অ্যান্ডারসন রোডের ‘হাজি শাহী কাচ্চি ঘর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, একই অভিযানে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে সরবরাহ না করায় রুমালিয়ার ছড়া এলাকার ‘মেসার্স রেনু স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
পূর্বকোণ/রানা/পারভেজ

















