কক্সবাজার টেকনাফের শীলবুনিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুর কবীর (৩০) নামে আরও একজন পালিয়ে যায়।
আটক মো. সেলিম ও পলাতক নুর কবীর উভয়েই শিলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. হানিফুর রহমান ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হানিফুর রহমান ভুইঁয়া জানান, শিলবুনিয়াপাড়ার নুর কবীরের বাড়িতে মাদক মজুতের খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবীর পালিয়ে গেলেও তার ভাই সেলিমকে আটক করা হয়।
এরপর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ বিয়ারের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা। আটক ব্যক্তি ও মালামালগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/নুসরাত

















