চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা আবদুল গণি সওদাগর বাড়ির প্রবীণ মুরব্বি আলী হোসেন আর নেই। প্রায় ১৩০ বছরের দীর্ঘ জীবনের অবসান ঘটিয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আলী হোসেন একই এলাকার আবিদ আলীর প্রথম পুত্র। দীর্ঘ জীবনে তিনি এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ও মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। বয়স ও অভিজ্ঞতায় তিনি ছিলেন এলাকার অন্যতম প্রবীণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী হোসেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে প্রবীণ এই মুরব্বির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সামাজিক ও ধর্মীয় সংগঠন দক্ষিণ হিংগলা তৈয়বিয়া স্মৃতি সংসদ নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ হিংগলা তৈয়বীয়া জামে মসজিদ মাঠে মরহুম আলী হোসেনের জানাজার অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
আলী হোসেনের মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের পরিচিত জন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
পূর্বকোণ/পারভেজ

















