খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তাভর্তি বিদেশি পিস্তল, গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মনোরমের টিলা এলাকার কাছে জানমারাটিলা ডাউনে অভিযান শুরু হয়। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে শুক্রবার ভোরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বস্তাগুলো থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৩১ বোতল ভারতীয় মদ, সাড়ে ৪ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
অধিনায়কের নির্দেশে এবং সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল এই যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পূর্বকোণ/রানা/পারভেজ

















