চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সাক্ষাৎ শেষে তিনি বলেছেন- জামায়াতের মুখের কথা সাথে অন্তরের কথার মিল নাই। জামায়াত জন্ম থেকে কাজে মুনাফিকি আচরণ করে আসছে। তারা একদিকে বলছে সরকারকে সহযোগিতা করছে- অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে সেই ৯৬’র মত আন্দোলনের চেষ্টা করছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি আরো বলেন- আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোন পার্থক্য নাই। তারা ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে সরকার পতনের আন্দোলন করার জন্য। আমরাও দেখতে চাই ডিসেম্বর মাসে কারা সরকার পতনের আন্দোলন করে। তাদের সেই ব্যর্থ অপচেষ্টা এই দেশের জনগণ রুখে দেবে- ইনশাআল্লাহ।
রাশেদ খাঁন বলেন- সকলের দায়িত্ব, আমরা যারা একসাথে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একতাবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠন করা। ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত।
তিনি বলেন- হেফাজতে ইসলামী বাংলাদেশ ইসলামী মূল্যবোধের ওপর কাজ করেছে। হেফাজত আমীর, ইসলামের লেবাস ধরে যারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে তাদের তিনি মুখোশ উন্মোচন করেছিলেন। নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রয় করার নামে যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, যারা বিভ্রান্ত হচ্ছিল তাদেরকে সচেতন করেছিলেন হেফাজতে ইসলামের আমির। আমি ওনাকে ধন্যবাদ জানাই। তিনি এখনো ইসলামের মূল্যবোধের ওপর চর্চা করে যাচ্ছেন। ইসলামের প্রচার-প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ

















