মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন সুন্দরী (৪০) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত হামিদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালাম হোসেনের ছেলে।
বিজিবি ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সীমান্তসংলগ্ন এলাকায় হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক গুরুতর আহত হন। ঘটনার পর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জি জানান, মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছে। বর্তমানে সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ


















