চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আনোয়ার হোসেন কালু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা।
ওসি জানান, আনোয়ার হোসেন কালুকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তিনি বলেন, জিসান হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করা হয়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয়। কিন্তু এখনো এজাহারভুক্ত কোন আসামি গ্রেপ্তার হয় নি।
পূর্বকোণ/রাকিব/এএইচ


















