কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের উদ্ধারের পর আজ বুধবার কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে পুলিশের একটি দল।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ১২-১৩ বছর বয়সী দুই কিশোরী চৌদ্দগ্রাম উপজেলার একটি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় না পৌঁছানোয় এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে থানা-পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালায়।
অনুসন্ধানের একপর্যায়ে ওই দুই ছাত্রীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার জেলা ডিবির সহায়তায় সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, থানা-পুলিশের একটি দল উদ্ধার হওয়া কিশোরীদের নিয়ে চৌদ্দগ্রামের পথে রয়েছে। থানায় আসার পর জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/এএইচ

















