চট্টগ্রামের সাতকানিয়ায় বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং পর্যাপ্ত নার্স না থাকার অপরাধে মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখার অপরাধে এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং নিয়মবহির্ভূত কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















