চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি এলাকায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু জাফর মজুমদার এ দণ্ড দেন।
জানা যায়, অভিযান চলাকালে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়াকে (২৮) ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের এবং মো.মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু জাফর মজুমদার বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রুপন কান্তি পাল উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর

















