চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাই সড়কে নিরাপত্তা দাবিতে নোয়াপাড়ায় মানববন্ধন

কাপ্তাই সড়কে নিরাপত্তা দাবিতে নোয়াপাড়ায় মানববন্ধন

রাউজান সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় কায়সার নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। এ সময় দুর্ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও সড়কে শৃঙ্খলার দাবিতে রাউজানের নোয়াপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির কারণে ওই সময়ে সড়কে যানবাহন চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে এবং বেশ কয়েকটি দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত কায়সার (২৫) রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়াহাট ভরাপুকুর এলাকায় ‘এবি ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন। তরুণ কায়সারের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা কাপ্তাই সড়কে নিয়মিত দুর্ঘটনা রোধে প্রশাসন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, বেপরোয়া গতি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। আর কোনো পরিবার যেন স্বজন হারানোর কষ্টে না ভোগে, সেজন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, সড়ক নিয়মিত মনিটরিং এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট