চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ও দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় মহাসড়ক পারাপার এবং শিক্ষার্থী-পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এসব দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কলেজ বাজারে আব্দুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘কর্ণফুলী নিরাপদ উদ্যোগ’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা কলেজ বাজার ও দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
জানা যায়, কর্ণফুলীর কলেজ বাজার ও দৌলতপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী পরিবহন চলাচল করে। অথচ গুরুত্বপূর্ণ এসব এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে কলেজ বাজার আব্দুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। এতে কোমলমতি শিশু-কিশোরদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় অবকাঠামো ফুটওভার ব্রিজ নিমার্ণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এখনো জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা কলেজ বাজার ও দৌলতপুর এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট সময়ে ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কের ওপর যত্রতত্র অটোরিকশা দাঁড়ানো ও যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পথচারীদের নিরাপদ পারাপারে প্রয়োজনীয় চিহ্ন ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ট্রাফিক পুলিশের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কলেজ বাজার ও দৌলতপুর এলাকার শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ আরও বাড়বে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















