চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকালে লাশ নিজ গ্রামে নিয়ে আসা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতের নাম মো. মঞ্জুর আহমেদ (৪০)। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার খলিল ভূঁইয়া বাড়ির মৃত সালামত উল্লাহ জুনুর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক এক সপ্তাহ আগে একদল দুর্বৃত্ত মঞ্জুরকে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ির সামনে ফেলে যায়। পরে তাকে নিয়ে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার তদন্তকারী অফিসার সীতাকুণ্ড থানার উপপরিদর্শক উত্তম কুমার রাজবংশী জানান, একটি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে গত ২০ সেপ্টেম্বর মারামারির সময় মঞ্জুর আহত হন। সেসময় তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। এছাড়া ২৭ সেপ্টেম্বর তার পরিবার মামলাও দায়ের করে। এর মধ্যে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, তাকে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছিল প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ

















