টেকনাফে বৃষ্টির সময় বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া সংলগ্ন ডেগিল্যার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলম সাবরাং ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টেকনাফ জুড়ে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। ওই সময় মোহাম্মদ আলম ডেগিল্যার বিলে নিজের খেতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই গড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, খেতে কাজ করার সময় তিনি বজ্রপাতের আহত হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সরকার বলেন, আহত অবস্থায় মোহাম্মদ আলমকে হাসপাতালে আনা হলে দেখা যায় বজ্রপাতে তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে এবং তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















